শরীয়তপুর প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃতি সন্তান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মাইনুল ইসলাম।
নতুন এ দায়িত্ব পাওয়ায় শরীয়তপুরসহ রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাইনুল ইসলাম ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয়, ত্যাগী ও সাহসী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে তিনি আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও দলীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।
বিশেষ করে বিএনপির আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক। রাজনৈতিক জীবনে একাধিক মামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি আদর্শ ও দলের প্রতি অবিচল থেকেছেন।
দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও অনুসারীরা।
নেতাকর্মীদের প্রত্যাশা, মাইনুল ইসলামের নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় কেন্দ্রীয় যুবদল আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।