ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

কুলিয়ারচরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য
  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5342 জন
কুলিয়ারচরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ছবির ক্যাপশন: অজ্ঞাত যুবকের লাশ
ad728


আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। ঘটনাটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা-তা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ও রহস্য।

সোমবার (১ জুন) ভোরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গণকখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল, শরীরের উপরের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। এ বিষয়টি ঘিরে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। আবার অনেকে মনে করছেন, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

তবে যুবকের পরিচয় শনাক্ত না হওয়া এবং শরীরে পর্যাপ্ত পোশাক না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

পুলিশের ধারণা, পরিচয় শনাক্ত করা গেলে নিহত যুবকের বাসস্থান, কোথা থেকে তিনি এসেছিলেন এবং মৃত্যুর আগে তার গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার