সম্রাট রোমান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শুক্রবার সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচন পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, তাই কোনোভাবেই এদের ছাড় দেওয়া হবে না।
এসময় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান এমপি খোকন তালুকদার। তিনি বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের দ্রুত এ কাজ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
জনসভায় স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।