ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে বিক্ষোভ

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে বিক্ষোভ
  • আপলোড তারিখঃ 18-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16747 জন
চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে বিক্ষোভ ছবির ক্যাপশন: বিক্ষোভ
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত দেয়ালে আল্পনা করা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম মহানগর শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভিযোগ করেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্দেশে নগরের বিভিন্ন স্থানে আঁকা জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। 

এর প্রতিবাদে রোববার (১৭মে)সন্ধ্যায় টাইগার পাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করে দলটি।


এনসিপির নেতা-কর্মীদের দাবি, শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের পিলারে আঁকা কয়েকটি গ্রাফিতির ওপর রং করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়ার পর দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশেই এসব গ্রাফিতি মুছে ফেলা হয়েছে।


সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির নেতা-কর্মীরাও জড়ো হন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

রাতে এনসিপি আরও অভিযোগ করে, টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত গ্রাফিতি আঁকার সময় ‘মেয়রের লোকজন’ তাদের নেতা-কর্মীদের ওপর হামলার চেষ্টা চালায়। তারা দাবি করেছে, লালখান বাজার ও সিটি করপোরেশন এলাকার মুখে দেশীয় অস্ত্রসহ একদল লোক অবস্থান নেয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সিটি করপোরেশন। সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণের কোনো নির্দেশ মেয়রের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং সিটি করপোরেশনের কোনো বিভাগও এ ধরনের কার্যক্রম পরিচালনা করেনি।


সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে তিনি সবসময় সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। তিনি আরও জানান, “কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য আলাদা কোনো নির্দেশ দেওয়া হয়নি, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতির ক্ষেত্রে তো নয়ই।”


তবে সিটি মেয়রের বক্তব্যের পরও সন্ধ্যায় এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আমবাগান এলাকায় সিটি করপোরেশন কার্যালয়ের সামনে সড়কে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানান।এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতারা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার