ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মাঝিবড়ি এলাকায় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’। করোনাকালীন ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে দুই বছর আগে যৌথ মালিকানায় এই খামারটি প্রতিষ্ঠা করেন স্থানীয় উদ্যোক্তা ফয়েজ মোল্লা, মোকাদ্দেস হোসেন মনির ও এম এ রাকিব মৃধা। সম্পূর্ণ দেশীয় ও ভেজালমুক্ত খাবারের মাধ্যমে পশু মোটাতাজাকরণের কারণে ইতিমধ্যে খামারটি জেলা ও জেলার বাইরে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
খামার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় ২০ একর নিজস্ব জমির ওপর বিশাল এই এগ্রো ফার্মটি গড়ে তোলা হয়েছে। বর্তমানে খামারটিতে ৫০টি উন্নত জাতের শাহিওয়াল, ব্রাহমা ক্রস, মুন্ডি ও দেশী গরু এবং ১৫০টি হরিয়ানা, তোতাপুরী ও দেশী ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে। তবে বিশাল এই খামারে একসাথে ১,০৫০টি গরু এবং ২০০টি ছাগল পালনের সক্ষমতা রয়েছে।
উদ্যোক্তারা জানান, আসন্ন দিনগুলোতে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই কয়েক শতাধিক গরু ও সহস্রাধিক ছাগল নিয়ে নতুন উদ্যমে খামারের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
খামারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পশুর খাদ্য ব্যবস্থাপনা। এখানে গরুর কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ বা রাসায়নিকের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় খাবার খাওয়ানো হয়। পশুর খাদ্যের জোগান দিতে খামারের নিজস্ব জমিতেই বিভিন্ন উন্নত জাতের দেশীয় ঘাস চাষ করা হচ্ছে।
খামার কর্তৃপক্ষ জানান, করোনাকালীন সময়ে অন্যান্য ব্যবসায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর তারা এই খামারটি শুরু করেন। নিরাপদ ও ভেজালমুক্ত মাংসের চাহিদা পূরণ করাই তাদের মূল লক্ষ্য।
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করায় ইতিমধ্যে বিভিন্ন এলাকা ও দূর-দূরান্তের জেলা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা খামারে এসে গরু-ছাগল ক্রয় করতে শুরু করেছেন। স্থানীয়রা আশা করছেন, এই খামারটি ফরিদপুর অঞ্চলের মাংসের চাহিদা পূরণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।