ঢাকা | বঙ্গাব্দ

চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা : জামায়াত আমির

  • আপলোড তারিখঃ 12-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21692 জন
চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা : জামায়াত আমির ছবির ক্যাপশন: ছবি:- সংগৃহীত
ad728

পাইকারি কাঁচাবাজারে দোকান দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবাই বিষয়টি জানলেও মুখ খুলতে ভয় পায়, কারণ সবার মুখ চেপে রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর-১ পাইকারি কাঁচাবাজার পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজি আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, তাদের পরিচয় আমরা সবাই জানি। আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের সিন্ডিকেট ভাঙতেই আমাদের এই লড়াই।”

তিনি বলেন, সংসদের ৩০০ সদস্য যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেন যে দেশে চাঁদাবাজি চলবে না, তাহলে কেউ এ সাহস দেখাতে পারবে না। কিন্তু রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় থাকলে এ সমস্যা বন্ধ করা অসম্ভব।

বাজার পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, আগে থেকেই বাজার অস্থির ছিল, বর্তমানে তা আরও বেড়েছে। জ্বালানি সংকটের পাশাপাশি চাঁদাবাজির চাপও পণ্যের দামে প্রভাব ফেলছে। ঘাটে ঘাটে সিন্ডিকেটের কারণে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারছেন না। তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে ভোক্তারা যেমন ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছেন না, তেমনি কৃষকরাও তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। “মাঝখানে অন্যদের পেটে চলে যাচ্ছে। আমরা এই ব্যবস্থা ভাঙতে চাই,” বলেন তিনি।

বাজার পরিদর্শনের সময় এক ব্যবসায়ী অভিযোগ করেন, সরকারিভাবে পাঁচ হাজার টাকা ভাড়ার দোকান আগের সরকারের রাজনৈতিক নেতারা বরাদ্দ নিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে ৯০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার টাকায় ভাড়া দিচ্ছেন। পণ্যে চাঁদাবাজির প্রভাব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “যে পণ্যের দাম ১০ টাকা হওয়ার কথা, চাঁদার কারণে সেটি ১২ বা ১৩ টাকায় বিক্রি করতে হচ্ছে। এর পুরো চাপ গিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপর।” তিনি ব্যবসায়ীদের ভয়ভীতি কাটিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং চাঁদাবাজির তথ্য প্রকাশ করায় ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, জনগণের দুর্ভোগ ও বাজারের বাস্তব চিত্র নিয়মিতভাবে গণমাধ্যমে তুলে ধরতে হবে, যাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় এবং চাঁদাবাজদের দমন করা সম্ভব হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার