কৃষকের কান্না
এম. এন. ইসলাম
বৃষ্টির জলে বুক ভেসে যায়, বন্যায় ভাসে ধান,
বানের জলে জমি ভেসে গেল, কৃষকের কাঁদে প্রাণ।
কষ্টের সেই সোনালী ফসল বন্যায় করে গ্রাস,
দুঃখে কৃষকের বুকটা ফাটে, কৃষির সর্বনাশ।।
কৃষকের এই ক্ষতি পোষাতে সরকার দিল ত্রাণ,
সকলের মন চমকে উঠে দেখে সেই খতিয়ান!
তালিকার উপর চোখ বুলাতেই চমক রাশি রাশি,
ত্রাণের খাঁচায় হাসছে নেতারা সর্বনাশের হাসি।
স্ত্রীসহ নেতা, পুত্র-কন্যা, পাতি নেতার দল,
কৃষকের নামে লুটে খায় তারা গরিবের সম্বল।
তালিকাটা যে দীর্ঘ ভারী, নামেরতো শেষ নাই,
নেতাদের নাম সারিসারি লেখা, কৃষকের নেই ঠাঁই।
ত্রাণের চাল আর গমগুলো সব যাচ্ছে নেতার পেটে,
বঞ্চিত হয়ে কৃষকেরা সব মরছে শুধুই খেটে।
বাঁচার আকুতি দু’চোখে তাদের, শুধুই বাঁচতে চায়
কে শুনিবে আজ বিচারের বানী, নিভৃতে কাঁদে হায়!!