ঢাকা | বঙ্গাব্দ

রায়গঞ্জ-ধানগড়া সড়কে উপড়ে পড়া গাছ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

রায়গঞ্জ-ধানগড়া সড়কে উপড়ে পড়া গাছ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
  • আপলোড তারিখঃ 24-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12513 জন
রায়গঞ্জ-ধানগড়া সড়কে উপড়ে পড়া গাছ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



রায়গঞ্জ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা :ঈদ সামনে রেখে যানজট ও ঝুঁকিতে জনদুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের রায়গঞ্জ-ধানগড়া-সিরাজগঞ্জ মহাসড়কের বৈকুণ্ঠপুর এলাকায় কয়েকদিন ধরে সড়কের ওপর উপড়ে পড়ে থাকা একটি বিশাল গাছ মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত অপসারণ না হওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা।


স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে রাস্তার পাশের একটি পুরনো বড় গাছ উপড়ে সড়কের একাংশের ওপর পড়ে যায়। এতে ব্যস্ত এই সড়কের এক পাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে দুই লেনের সড়ক সংকুচিত হয়ে এক লেনে পরিণত হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে।


বিশেষ করে রাতের বেলায় গাছটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণে বেড়ে যাচ্ছে। অনেক চালক হঠাৎ সামনে প্রতিবন্ধকতা দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতিতে পড়ছেন। ফলে এলাকাটি কার্যত এক “মরণফাঁদে” পরিণত হয়েছে।


এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। পশুবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির ভিড়ে বৈকুণ্ঠপুর এলাকায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।


স্থানীয় সিএনজি চালক আব্দুল খালেক বলেন,

“ঈদের সময় এমনিতেই রাস্তায় চাপ বেশি থাকে। তার ওপর রাস্তার মাঝখানে গাছ পড়ে থাকায় চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”


এদিকে শুধু একটি গাছই নয়, উপজেলার ১৬ মাইল এলাকা থেকে পাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কের পাশে আরও পাঁচ থেকে সাতটি প্রায় শতবর্ষী মৃত গাছ দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঝড়-ঝঞ্ঝায় এসব গাছ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয়দের অভিযোগ, গাছগুলো সরকারি মালিকানাধীন হওয়ায় সাধারণ মানুষ নিজের উদ্যোগে সরাতে পারছেন না। অথচ সড়ক ও জনপথ বিভাগ কিংবা বন বিভাগের পক্ষ থেকেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।


এ বিষয়ে সামাজিক বন বিভাগের রায়গঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান জানান, উপড়ে পড়া গাছটি জেলা পরিষদের আওতাধীন, তাই তাদের পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন,


“বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব দ্রুত গাছ অপসারণ করে সড়কটি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয় বাসিন্দারা দ্রুত গাছ অপসারণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো গাছগুলো কেটে ফেলার দাবি জানিয়েছেন, যাতে ঈদের আগেই সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার