আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় নিখোঁজের দুই দিন পর মাহমুদ খান মাশফিক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে)দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাঠানটুলী এলাকার একটি ১০ তলা ভবনের লিফটের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাশফিক ওই ভবনেরই বাসিন্দা এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। শনিবার দুপুরে ভবনের লিফটের গর্তে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, ভবনের লিফটের দরজা আগে থেকেই আংশিক ভাঙা ছিল। অসাবধানতাবশত তিনি সেখান দিয়ে নিচে পড়ে যান। এছাড়া লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং তাৎক্ষণিক মেকানিক না পাওয়ায় গত দুই দিন কেউ লিফটের কাছে যাননি। ফলে ঘটনাটি তখনই কারও নজরে আসেনি।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের দরজা কেটে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।