চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা করেছেন ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তারা সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন।
সোমবার (১৮ মে) প্রকাশিত এ বুলেটিনে জানানো হয়, মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।
এ পর্যন্ত ১৬১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮২টি ফ্লাইটে গেছেন ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রম অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর ধর্মবিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে বহনকারী প্রথম ফ্লাইট যাত্রা শুরু করে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। আর হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।