কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জন পাচারকরীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আজ রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টায় টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানিয়েছেন শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী।
তিনি বলেন, গতকাল শনিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানার আরও গেছে, আটককৃত ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পাচার করছিলেন।
এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।