ঢাকা | বঙ্গাব্দ

মৌসুমি ফলের হাট চট্টগ্রামের স্টেশন সড়কে

মৌসুমি ফলের হাট চট্টগ্রামের স্টেশন সড়কে
  • আপলোড তারিখঃ 17-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 17124 জন
মৌসুমি ফলের হাট চট্টগ্রামের স্টেশন সড়কে ছবির ক্যাপশন: স্টেশন রোড থেকে ফলের দোকানের ছবি
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের ব্যস্ততম স্টেশন সড়কে এখন যেন মধু মাসের ফলের হাট বসেছে। রাস্তার দুই পাশে সারি সারি ভাবে সাজানো রয়েছে মৌসুমি ফলের স্তূপ।


দেখা গেছে কোথাও পাহাড়সম কাঁঠাল, কোথাও ঝুড়িভর্তি আনারস, কোথাও কাঁচা আম এবং জাম নিয়ে বসেছেন পাইকারি বিক্রেতারা। 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট পরিবেশে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।


জানা গেছে,দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি ফল আসছে এখানে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের রাঙামাটি-খাগড়াছড়ি , নরসিংদী, সিলেট ও কুমিল্লা থেকে আসছে আনারস ও কাঁঠাল।

এমনকি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কাঁচা আমও যোগ হয়েছে ভিন্নমাত্রায়। 


এখানকার পাইকারি বিক্রেতারা জানান, প্রতিদিন ভোর থেকেই ফল নামানোর ব্যস্ততা শুরু হয় এবং দুপুরের আগেই অধিকাংশ চালান খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায়।


সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বড় বড় কাঠালের স্তূপ রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। অনেক বিক্রেতা আবার আনারসকে নান্দনিকভাবে স্তূপ বানিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। বিক্রি হচ্ছে নানান আকারের তরমুজ। দেখা গেছে,স্থানীয় খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ পাইকারি দামে ফল কিনতে ভিড় করছেন এই এলাকায়। কেউ পরিবারের জন্য কিনছেন, কেউ আবার ছোট দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।


এখানে বিক্রি হচ্ছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁচা-পাকা তাল। এখান থেকে খুচরা বিক্রেতারা আন্দরকিল্লা, চকবাজার, কাজির দেউড়ী, কর্ণফুলী মার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ অস্থায়ী বাজারগুলোতে বিক্রির জন্য কিনে নিয়ে যাচ্ছেন তাল।


বিক্রেতারা জানান, প্রাকৃতিক দুর্যোগসহ নানান কারণে তাল গাছ হারিয়ে যাচ্ছে। দূর থেকে আনতে পরিবহন খরচও বেশি। 


একজন বিক্রেতা জানান, ‘এবার ফলের সরবরাহ ভালো থাকায় বাজারও বেশ জমে উঠেছে। ফল কিনতে প্রতিদিন প্রচুর মানুষ আসছেন’। আরেক ব্যবসায়ী বলেন, ‘স্টেশন সড়ক চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি ফলের কেন্দ্র। এখান থেকে নগরের বিভিন্ন এলাকায় ফল সরবরাহ করা হয়’।


রাস্তার পাশে ফলের স্তূপ ও ক্রেতাদের ভিড়ের কারণে অনেক সময় যান চলাচলে ধীরগতি দেখা যায়। 

বাজার জমজমাট হলেও যানজট ও ফুটপাত দখল নিয়ে কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন পথচারিরা।

 তবুও মধু মাসের এই রসালো ফলের ঘ্রাণ আর বেচাকেনার প্রাণচাঞ্চল্যে স্টেশন সড়ক এখন যেন এক উৎসবমুখর জনপদ।


গ্রীষ্মের এই মৌসুমি ফল শুধু মানুষের রসনাতৃপ্তিই নয়, বরং বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকায়ও এনে দিয়েছে নতুন গতি। তাই মধু মাস এলেই চট্টগ্রামের স্টেশন সড়ক হয়ে ওঠে প্রাণবন্ত এক ফলের রাজ্য।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার