বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে ইটের ভাটার জন্য মাটি উত্তোলন করার সময় পাহাড় থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৫মে সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রইম্যাখোলা এলাকার এসবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রইম্যাখোলার মাহাবুব আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ইটভাটাতে শ্রমিক হিসাবে কাজে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও ইটভাটার কাজে পাহাড়ের মাটি কেটে গাড়িতে বোঝাই করছিলেন সাইফুল ইসলাম। এ সময় হঠাৎ ওপর থেকে বড় অংশের মাটি ধসে পড়ে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, পাহাড় কেটে অবাধে মাটি উত্তোলনের কারণে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মাটি কাটার কাজ করানো হচ্ছিল বলেও দাবি তাদের।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’