অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে ফাহাদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে রাফি নামে তার সহপাঠী অপর শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ওই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন উপজেলার বিনাউটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে সাতগ্রাম অ্যাডভোকেট হারুনুর রশীদ খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে হালকা বৃষ্টির মধ্যে ফাহাদ তার সহপাঠী জিহাদ ও রাফিকে নিয়ে অপর সহপাঠী বোরহান মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল। পথে বৃষ্টির তীব্রতা বাড়লে তারা বাড়ির পাশের একটি গাছের নিচে আশ্রয় নেয়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে। ওই সময় রাফিও আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফাহাদের মৃত্যুতে পরিবার, শিক্ষক ও সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, দুপুরে ফাহাদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ, নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ব্যপারে খবরা-খবর নেয়া হচ্ছে।