আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাশেম (৬০) এক মাদরাসা সুপার নিহত হয়েছেন।
আজ বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম একই এলাকার বাসিন্দা মৃত আব্দুর সোবহানের ছেলে। তিনি চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল এই মাদরাসা সুপারের। আজ বুধবার বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষ স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে তিনি সেখানে গিয়ে বাধা দেন।
এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানিয়েছেন, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।