শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ভুট্টা বোঝাই দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার দুটি পাড়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। রাত ১০ টার দিকে আকস্মিক ঝড়ের কারনে তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলার দুটির বেঁধে রাখা রশি ছিড়ে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলার দুটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী সাগর মোল্লা নামে এক ব্যাক্তি জানান, চোখের সামনেই ভূট্টাবাহী ট্রলার দুটি ডুবে গেল। একজন মালিক তার ট্রলারকে রক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
তিনি আরও জানান, ট্রলার রক্ষা করতে গিয়ে ওই ব্যক্তি উত্তাল নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা টর্চলাইটের আলো ও মোবাইল ক্যামেরার জুম ব্যবহার করে তাকে খোঁজার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ওই ব্যক্তি কোনোভাবে তীরে উঠতে সক্ষম হন। পাটুরিয়া নৌ- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ঘাটে ভূট্টাবাহী দুটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।