ঢাকা | বঙ্গাব্দ

পানিতে ডুবে যাওয়া ধান দেখে জমিতেই কৃষকের মৃত্যু : শোকে স্তব্দ অষ্টগ্রাম

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ডুবে যাওয়া ধানের দৃশ্য দেখে জমিতেই জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেছেন আক্তার হোসেন (৫৮) নামে এক কৃষক।
  • আপলোড তারিখঃ 03-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 191 জন
পানিতে ডুবে যাওয়া ধান দেখে জমিতেই কৃষকের মৃত্যু : শোকে স্তব্দ অষ্টগ্রাম ছবির ক্যাপশন: ছবি -জার্নাল অব কান্ট্রি
ad728

মোহাম্মদ নজরুল ইসলাম:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ডুবে যাওয়া ধানের দৃশ্য দেখে জমিতেই জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেছেন আক্তার হোসেন (৫৮) নামে এক কৃষক।

শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার খাওয়ারপাড় হাওরে এ হৃদয় বিদারক ঘঠনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আক্তার হোসেন উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের বাসিন্দা মৃত দুদব আলীর পুত্র। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

তার প্রতিবেশী আবদুর রাজ্জাক এ প্রতিনিধিকে জানান, আক্তার হোসেন একজন বর্গাচাষী। তার নিজের কোন জমি নেই। ঋণের টাকায় হাড়ভাঙ্গা পরিশ্রম করে প্রায় ৫ একর জমি বর্গা নিয়ে ফসল ফলিয়েছেন তিনি। দুই একর জমির ধান কেটে আনা হলেও টানা বৃষ্টিতে বাড়ীর খলায় ভেজা ধানে চারা গজিয়েছে। পচা ধানে দুর্গন্ধ ছড়িয়েছে। একমুঠো ধানও ঘরে তুলা হয়নি তার। বিকেলে হাওরে গিয়ে অবশিষ্ট জমি পাহাড়ী ঢলে তলিয়ে যেতে দেখে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জনান, আক্তার হোসেন বিকেলে জমিতে এসে তার জমি তলিয়ে যেতে দেখে হতাশ হয়ে সন্ধ্যার দিকে জ্ঞান হারান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীনগর গ্রামের বাসিন্দা ফজলুর রহমান এ প্রতিনিধিকে জানান, আক্তার হোসেন একজন গরীব বর্গাচাষী। ঋণের বোঝায় তিনি জর্জরিত। পানিতে তলিয়ে যাওয়া সোনালী ফসলই ছিল তার শেষ সম্বল। বৃষ্টি ও পাহাড়ী ঢল তার সব স্বপ্ন কেড়ে নিলে দিশেহারা হয়ে তিনি মৃত্যু বরণ করেন। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি তার পরিবারের খোঁজ খবর নিয়ে আইডি কার্ড ও ছবি সংগ্রহ করে, মৃত্যু সনদ তৈরী করে তার পরিবারকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকল তথ্য উপজেলায় প্রেরন করেছি।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ আমিনুল ইসলাম মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, হাসপাতালে আনার আগেই আক্তার হোসেনের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে হার্টফেইল বা স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।

এদিকে হাওরের ফসলহানিতে অষ্টগ্রামের হাজার হাজার কৃষক চরম বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

‎আক্তার হোসেনের মৃত্যু হাওরাঞ্চলের কৃষকদের দুঃখ দুর্দশার নির্মম বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা কৃষকদের জন্য এটি এক হৃদয়বিদারক বার্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

উজানের জল, ডুবে যাওয়া স্বপ্ন